প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
মহাসড়কে উল্টো পথে যান ও অবৈধ পার্কিং; গজারিয়ায় ঈদ যাত্রায় বাড়তে পারে যানজট.
জুয়েল দেওয়ান, গজারিয়া
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রায় ১৩ কিলোমিটার অংশে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়। আসন্ন ঈদুল ফিতর'কে সামনে রেখে এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের গজারিয়া অংশের জামালদী, ভাটেরচর, আনারপুরা, ভবেরচর, বক্তারকান্দি ও বাউশিয়া পাখির মোড় এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ঈদের আগে ও পরে এই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়কের শৃঙ্খলা ভঙ্গের চিত্র স্পষ্ট। উল্টো পথে ইট ও বালুবাহী মিনি ট্রাক চলাচল করছে। পাশাপাশি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ বিচরণও চোখে পড়ে। মহাসড়কের পাশে যত্রতত্র পরিবহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, সড়কের একাংশ দখল করে শিল্প-কারখানার মালবাহী ট্রাক পার্কিং এবং ফুটপাত দখল করে সিএনজি স্ট্যান্ড ও ভাসমান দোকান বসানোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সামান্য চাপ বাড়লেই দ্রুত যানজট তৈরি হচ্ছে।
পরিবহন চালকদের অভিযোগ, উল্টো পথে যান চলাচল ও অবৈধ পার্কিংয়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাস চালক রফিকুল ইসলাম বলেন, ঈদের সময় এই অংশে এলেই আতঙ্ক কাজ করে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যাত্রীদের চাপ, আবার উল্টো পথে গাড়ি আসা সব মিলিয়ে চরম ভোগান্তি হয়।
ঢাকামুখী যাত্রী শারমিন আক্তার বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়া আনন্দের কথা। কিন্তু গজারিয়া অংশে এলেই সেই আনন্দ মাটি হয়ে যায়। ছোট বাচ্চা নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকা খুব কষ্টকর।
তবে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। উল্টো পথে যান চলাচল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে অভিযান পরিচালনা করা হবে, যাতে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়।
তিনি আরও জানান, যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত