মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্প কারখানা নির্মাণের নামে তিন ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের প্রমাণ পেয়েছে প্রশাসন। শিল্প প্রতিষ্ঠানটির বালু ভরাট কার্যক্রম বন্ধসহ এক ঘণ্টার মধ্যে ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
 
মঙ্গলবার (৩ মার্চ)  সকাল সাড়ে ১১টায় চর বাউশিয়া বড়কান্দিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় কৃষি জমিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাটের সত্যতা পাওয়ায় তিনি তাৎক্ষণিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
 
এসময় উপস্থিত সাংবাদিকদের ইউএনও বলেন, "কৃষি জমিতে রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু ভরাট সম্পূর্ণ আইনবহির্ভূত। কয়েকজন ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ করেছেন যে তাদের জমি ক্রয় না করেই জোরপূর্বক দখল করা হয়েছে। এছাড়া সরকারি খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত বালু ভরাটের সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে এবং পুরো বিষয়টি আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
 
স্থানীয়দের অভিযোগ, 'সাহারা ট্রেডিং লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠান শিল্প কারখানা স্থাপনের নামে নিয়মনীতির তোয়াক্কা না করে তিন ফসলি জমিতে বালু ভরাট করছে। প্রভাবশালী চক্রের মদদে যারা জমি বিক্রি করতে রাজি নন তাদের জমিতেও জোরপূর্বক বালু ফেলে ভরাট করা হচ্ছে।
 
ভুক্তভোগী কৃষকরা জানান, এসব জমিতে আগে ধান ও শাকসবজির ব্যাপক ফলন হতো। কিন্তু কোম্পানিটি আশপাশের জমি ভরাট করায় পানি ও বালু আটকে সাধারণ কৃষকদের জমিও চাষাবাদ করার অনুপযোগী হয়ে পড়েছে।
 
ফাতেমা বেগম নামে এক স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে বলেন, "আমরা জমি বিক্রি করিনি কিন্তু পাশের জমিতে বালু ফেলায় আমাদের অর্ধেক জমি ভরাট হয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই।"
 
গজারিয়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত এক দশকে উপজেলায় প্রায় ৫০০ হেক্টর তিন ফসলি জমি কমেছে, যার বড় অংশই ভরাট করে শিল্প কারখানা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি বাস্তবে এই পরিমাণ প্রায় এক হাজার হেক্টরের কাছাকাছি। শিল্পায়নের এই আগ্রাসনে প্রান্তিক কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।