প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
দাম বাড়ার আশঙ্কায় গজারিয়ায় পেট্রোল পাম্পে বাইকারদের ভিড়.
জুয়েল দেওয়ান, গজারিয়া
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে তেল সংকট ও দাম বাড়ার আশঙ্কায় মুন্সীগঞ্জের গজারিয়ায় হঠাৎ করেই বিভিন্ন পেট্রোল পাম্পে বাইকারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার প্রবণতাও দেখা গেছে অনেকের মধ্যে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকেরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। অনেকেই ফুল ট্যাঙ্ক করে তেল সংগ্রহ করছেন।
আলীপুরা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক লিয়াকত হোসেন বলেন, হঠাৎই শুনলাম তেল নাও পাওয়া যেতে পারে বা দাম বাড়তে পারে। তাই দ্রুত বাইক নিয়ে এসে ফুল ট্যাঙ্ক করে তেল নিয়ে গেলাম। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চলবে এমন প্রশ্নে তিনি মুচকি হেসে বলেন, সবাই নিচ্ছে, তাই আমরাও নিচ্ছি।
একই পাম্পে তেল নিতে আসা স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদি হঠাৎ দাম বেড়ে যায় বা সংকট হয়, সেই চিন্তা থেকেই অনেকে আগেভাগে তেল মজুত করছেন।
আরেক মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। দাম বাড়ার খবর নিশ্চিত না হলেও গুজব ছড়িয়ে পড়েছে। তাই নিরাপদ থাকতে অনেকে আগে থেকেই ট্যাঙ্ক ভরে নিচ্ছেন।
স্থানীয়দের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকের মধ্যে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাবই পাম্পগুলোতে হঠাৎ বাড়তি ভিড় হিসেবে দেখা যাচ্ছে।
এ বিষয়ে পাম্পের এক কর্মী মোরশেদ মিয়া কিছুটা আক্ষেপের সুরে বলেন, অনেকে একেবারে ফুল ট্যাঙ্ক করে তেল নিচ্ছেন। দেখে মনে হচ্ছে তেল শেষ হলে মোটরসাইকেল ধুয়ে-মুছে ঘরে তুলে রাখবেন।
তবে পাম্প মালিকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। গুজব বা আশঙ্কার কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ায় পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে।###
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত