প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
ফসলি জমি ধ্বংসের লাইসেন্স চাইছে ভূমিদস্যুরা সিরাজদীখানে প্রশাসনের অভিযানের প্রতিবাদে মানববন্ধন
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফসলি জমির উর্বর মাটি কেটে ইট উৎপাদন বন্ধে প্রশাসনের অভিযানের পর উল্টো সেই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। উর্বর কৃষিজমির মাটি কাটার অনুমতি চেয়ে আয়োজিত এ কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি বাজার এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এলাকার ইটভাটাগুলোর জন্য মাটি কাটা বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেক শ্রমিক এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সংসার চালান। এখন উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পক্ষে ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকরা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় তারা মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ ও প্রশাসনের কাছে দ্রুত ইটভাটা সচল করা অথবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার লতব্দী ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৩০ থেকে ৪০টি ইটভাটায় কৃষিজমির উর্বর উপরিভাগ (টপ সয়েল) কেটে ইট উৎপাদন করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের নির্দেশে জেলা ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন বিকল করে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, মাটি কাটার কারণে এলাকার পরিবেশ ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। ভারী ট্রাক চলাচলের কারণে পিচঢালা সড়কের অনেক অংশ নষ্ট হয়ে কর্দমাক্ত কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এছাড়া দিনরাত ধুলাবালির কারণে এলাকাবাসী সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
লতব্দী ইউনিয়নের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আমাদের কৃষিজমি নষ্ট করছে এবং রাস্তা ধ্বংস করছে, তারা আবার প্রকাশ্যে মাটি কাটার দাবি জানাচ্ছে। প্রভাবশালীদের ভয়ে আমরা অনেক সময় মুখ খুলতে পারি না, কিন্তু এই মানববন্ধন আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো।
এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা মালিকরা নিজেদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের সামনে রেখে এই কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে আর্থিক ক্ষতির কথা বলা হলেও কৃষিজমি ও পরিবেশের ক্ষতির বিষয়টি তারা এড়িয়ে গেছেন।
তারা আরো জানান,প্রশাসনের অভিযানে চাপ সৃষ্টি করা এবং অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার লক্ষ্যেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত