প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
উঁচু ফুটওভার ব্রিজে উঠতে অনীহা; আন্ডারপাস সড়কের দাবি পথচারীদের
জুয়েল দেওয়ান,গজারিয়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ব্যস্ততম ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলেও সেটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন অনেক পথচারী। ফলে জীবনের ঝুঁকি নিয়েই অনেককে মহাসড়ক পারাপার হতে দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় নির্মিত ফুটওভার ব্রিজটি ব্যবহার না করে অনেক পথচারী সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের গ্রীলের ফাঁক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ডিভাইডারের গ্রীলের ফাঁক দিয়ে পারাপার হওয়া কয়েকজন পথচারীর সঙ্গে কথা বললে তারা জানান, ফুটওভার ব্রিজটির সিঁড়ি অনেক উঁচু হওয়ায় সেখানে উঠতে ও নামতে বেশ কষ্ট হয়। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ, অসুস্থ ব্যক্তি ও শিশুদের জন্য এটি আরও কঠিন হয়ে পড়ে। প্রায় দেড়তলা সমান উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হওয়ায় অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।
স্থানীয় পথচারী আব্দুল কাদের বলেন, ফুটওভার ব্রিজটা অনেক উঁচু। প্রতিদিন কয়েকবার ওঠানামা করা খুবই কষ্টকর। তাই অনেকেই ডিভাইডারের গ্রীলের ফাঁক দিয়ে রাস্তা পার হয়।
আরেক পথচারী রোকসানা বেগম বলেন, বয়স্ক মানুষদের জন্য ব্রিজে ওঠা অনেক কঠিন। যদি এখানে আন্ডারপাস থাকত, তাহলে সহজে ও নিরাপদে রাস্তা পার হওয়া যেত।
ভবেরচর ঢাকাগামী একটি বাস কাউন্টারের ম্যানেজার রায়হান রাফি বলেন, সড়কের ডিভাইডার দিয়ে পথচারীরা পারাপার করায় সেখানে গ্রীল দিয়ে বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগের লোকজন। এরপরও কিছু লোক গ্রীল ভেঙে ফাঁক তৈরি করে যাতায়াত করছেন। বিষয়টি আমাদের নজরে আসলে কয়েকবার বাঁশ ও কাঠ দিয়ে সেটি বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তবে কিছুদিন পর আবার দেখা যায় গ্রীল খুলে ফেলে ওই জায়গা দিয়েই পথচারীরা চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। এখানে আন্ডারপাস হওয়া জরুরি। উঁচু ফুটওভার ব্রিজ দিয়ে অনেকেই উঠতে চান না।
পথচারীদের দাবি, ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি আন্ডারপাস নির্মাণ করা হলে তারা নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। স্থানীয়রা দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য আমরা নিয়মিত প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। তবে অনেকেই এখনও তা মানতে চাইছেন না।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, মহাসড়কে চলাচলকারী সবার উচিত নিজ দায়িত্বে ফুটওভার ব্রিজ ব্যবহার করা। আমরা মাঝখানে লোহার রড দিয়ে ঘিরে দেই, কিন্তু অনেক সময় মানুষ সেগুলো ভেঙে মাঝ দিয়ে পারাপার করেন। আমরা আমাদের পক্ষে যা করণীয় তা করে যাচ্ছি, মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত