প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
সিরাজদীখানে কালী পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার, শেখরনগর মন্দির পরিদর্শনে পুলিশ সুপার
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগরের ঐতিহ্যবাহী কালী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। আসন্ন পূজা উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে তিনি এই পরিদর্শন করেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় স্থানীয় সুধীজন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। আগামী ২৪ মার্চ ঐতিহ্যবাহী এই কালী পূজা অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, শেখরনগর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সনজিৎ ঘোষ, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাসসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।
এ সময় পুলিশ সুপার মন্দিরের প্রবেশপথ, সিসিটিভি ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, ২৪ মার্চের অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশ কাজ করছে।
পরিদর্শন শেষে মন্দির কমিটির পক্ষ থেকে পূজা উপলক্ষে পুলিশের আগাম প্রস্তুতি ও নিরাপত্তা তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কালী পূজাকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত