মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কে যানজটে যাত্রী হিড়িক নৌরুটে
মুন্সীগঞ্জ থেকে ঢাকা-নারায়ণগঞ্জে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এ পথে চলাচলে নারায়ণগঞ্জের চরসৈয়দপুর-গোগনগর এলাকায় যানজট ও সড়ক সংস্কারের কারণে ভোগান্তি যেন নৈমিত্তিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার বিপরীতে অনেকে আবার ঝুঁকছেন মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে চলাচলে। এতে একদিকে যেমন লঞ্চগুলোতে বেড়েছে প্রাণচাঞ্চল্য, অন্যদিকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে দেখা গেছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ওয়াসেনাত নামের একটি লঞ্চে যাত্রী বোঝাই করে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে ফিরছে। লঞ্চটির ওপর-নিচ অনেকটাই যাত্রীতে ঠাসা। একই চিত্র দেখা যায় পরপর চলাচল করা এমএল শাহারাসহ কয়েকটি লঞ্চেও।
লঞ্চ ওয়াসেনাতের টিকেটম্যান সোহেল রানা বলেন, লঞ্চটির ধারণক্ষমতা ৬৮ জন। এই ট্রিপে ৮০ জন যাত্রী এসেছে। অর্থাৎ ১২ জন বেশি, এর মধ্যে ৪ জন পুলিশ। তিনি আরও জানান, সড়কে যাতায়াত বেড়ে যাওয়ায় আগে ২০-২৫-৩০ জন লোক লঞ্চে যাতায়াত করতো। প্রতিটি ট্রিপে প্রায় ১ হাজার টাকা খরচ হয়। বেশিরভাগ সময় তেলের টাকাও উঠত না। তবে এখন আবার যাত্রী চাপ বেড়েছে।
লঞ্চটির চালক আরিফ জানান, কতজন যাত্রী ধারণক্ষমতার মধ্যে পড়ে তা তিনি সঠিকভাবে জানেন না। তার কাজ লঞ্চ চালানো। তবে এখানে এলোমেলোভাবে জাহাজ নোঙর করে রাখায় মাঝে মাঝে সমস্যা হয় বলে তিনি মনে করেন।
বেশি যাত্রী নেওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক লঞ্চচালক বলেন, যাত্রী এলে তো আমরা নামিয়ে দিতে পারি না। নির্ধারিত সময় অনুযায়ী লঞ্চ চলে। মানুষ উঠে বসে থাকে। শুধু আমাদের বললে হবে না, যাত্রীদেরও সচেতন হতে হবে।
আল মাহমুদ নামের এক লঞ্চযাত্রী বলেন, চরসৈয়দপুর ও গোগনগর এলাকায় নিয়মিত যানজট হয়। এক ঘণ্টা, কখনো দুই ঘণ্টা বসে থাকতে হয়। তাই এখন লঞ্চে যাতায়াত করি। ঈদের কেনাকাটার জন্যও অনেকে আসছে। এজন্য যাত্রী বেশি।
শাহাদাত হোসেন বলেন, একবারে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া হচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি তো আছেই। কে শুনে কার কথা। আমাদের সবারই নিয়ম মেনে চলা উচিত।
খোরশেদা বেগম নামে এক নারী বলেন, ভয়ে ভয়ে আসলাম। সন্ধ্যার পর যারা আসে তাদের কী অবস্থা হয় কে জানে। ভাড়া দিয়েও বসার সিট পেলাম না।
সংশ্লিষ্টরা জানান, সকাল ৭টা থেকে শুরু করে প্রতি ৩০ মিনিট পরপর এই রুটে লঞ্চ যাতায়াত করছে। মুন্সীগঞ্জ থেকে সর্বশেষ রাত ৮টা ২০ মিনিটে এবং নারায়ণগঞ্জ থেকে রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ লঞ্চ ছেড়ে যায়। বর্তমানে দুপুরের পর থেকে লঞ্চগুলোতে ভিড় বেশি থাকে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের ইজারাদার দ্বীন মোঃ কোম্পানি জানান, আগে ২৬টি লঞ্চ ছিল। যাত্রী না থাকায় একে একে বিক্রি করে এখন মাত্র ৮টি রয়েছে। মুক্তারপুর দিয়ে সড়ক যোগাযোগ চালু থাকায় আগে নৌপথে যাত্রী কম ছিল। এখন আবার যাত্রীরা নৌরুটে ঝুঁকছেন। আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিবহন পরিদর্শক ছিদ্দিকুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রীর কারণে যেন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে আমাদের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। তবে কখনো কিছু কমবেশি হয়। ঈদের মৌসুমে চাপ বেশি থাকে। যেহেতু ঈদ আসন্ন, তাই আমরা চেষ্টা করবো যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে। এ বিষয়ে লঞ্চ সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।