পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন বাজারে মুরগির দামে নতুন করে উত্তাপ দেখা দিয়েছে। মাত্র গত দুই-তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
গতকাল শনিবার উপজেলার ভবেরচর বাজার, হোসেন্দী বাজার, রসুলপুর বাজার, গজারিয়া বাজার, সোনালী মার্কেট বাজার, ভাটেরচর বাজার ও তেতৈতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, রোজার শুরুতে মুরগির দাম কিছুটা কম থাকলেও শেষ সময়ে এসে চাহিদা বাড়ায় দাম দ্রুত বাড়ছে। দুই-তিন দিন আগেও ১৭৫ থেকে ১৮৫ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই ভাবে সোনালি মুরগির দাম বেড়ে কেজি প্রতি ৩৩০ থেকে ৩৫০ টাকায় পৌঁছেছে। মানভেদে লাচ্ছা সেমাই কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং খোলা চিনি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। রোজার শুরুতে ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৩০ থেকে ৩৫ টাকায়।
ভবেরচর বাজারের মুরগি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, রমজান মাসে যদি আমরা অল্প একটু কম লাভে মাল বিক্রি করতে পারি, তাহলে ক্রেতারা খুশি হন এবং আমাদের জন্য দোয়া করেন। লাভ তো শেষ পর্যন্ত ক্রেতাদের ওপরই নির্ভর করে। কিন্তু বর্তমানে বাজারে মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অনেক খামারি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে খামার বন্ধ করে দিচ্ছেন। পোল্ট্রি খামারের খরচ বেড়ে যাওয়াই মূলত এই সমস্যার প্রধান কারণ।
গজারিয়া বাজারে কেনাকাটা করতে আসা একটি কারখানার নির্মাণ শ্রমিক ক্রেতা আব্দুল কাদের বলেন, গরুর মাংসের কেজি এখন ৭৫০ টাকা। আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য গরুর মাংস খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই মুরগির মাংসের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু এখন মুরগির দামও বেড়ে গেছে। তবে সবজির দাম কিছুটা কম থাকায় একটু স্বস্তি পাওয়া যাচ্ছে।
এদিকে সাধারণ ক্রেতাদের মতে, বাজারে নিয়মিত ও কঠোর তদারকি করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।####