আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন চালুর পরিকল্পনাও করা হয়েছে। তবে সড়কে যানজটের বড় শঙ্কা না থাকলেও এবার নতুন উদ্বেগ দেখা দিয়েছে জ্বালানি তেল নিয়ে। চালক ও যাত্রীদের আশঙ্কা,বর্তমানের মতো তেলের সরবরাহ সংকট অব্যাহত থাকলে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন দক্ষিণাঞ্চলের লাখো মানুষ।
ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ৩৪ কিলোমিটার এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে অন্তত পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণ,পণ্যবাহী ট্রাক ও বাস মহাসড়কে দাঁড় করিয়ে না রাখা এবং মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন চালুর বিষয়েও কাজ করছে পুলিশ।
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি ও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে চালকদের মতে, সড়কে বড় ধরনের যানজট না হলেও এবার ঈদযাত্রায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি তেল নিয়ে। তাদের অভিযোগ, অনেক পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ঈদের সময়ও যদি একই পরিস্থিতি থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী রুটে গাড়ি চালানো সম্ভব হবে না। এতে যানবাহনের সংখ্যা কমে গিয়ে ভাড়া বাড়তে পারে এবং যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।
খুলনা গামী বাসের চালক আল আমীন জানান,এই সড়কে যানযট না থাকলেও এবার ঈদে জ্বালানি তেলের কারনে ভোগান্তি হতে পারে। আমরা ঠিক মত তেল পাচ্ছিনা কোন পাম্প থেকে ১০ লিটার কোনও পাম্প থেকে ২০-৩০ লিটার করে দিচ্ছে এর চেয়ে বেশি দিচ্ছে না। আমার ঢাকা থেকে খুলনা আপ-ডাউন করতে তেল লাগে ১২০ লিটার আমি পেয়েছি ৭০ লিটার আরও ৫০ লিটার তেল পাইনি আমি খুলনা গিয়ে আবার কিভাবে ফিরবো সেটাও জানিনা। তবে সামনে ঈন মৌসুমে ঠিক মত তেল না পেলে ভোগান্তি বাড়তে পারে। এই অবস্থা থাকলে সড়কে গাড়ি কমে যাবে এমনকি গাড়ি ভাড়া বাড়বে কারন কেউ লস করে গাড়ি চালাবেনা।
বরিশাল গামী বাসের চালক মো: মহসিন জানান,আমরা ঠিকমত তেল পাচ্ছিনা এক পাম্পে তেল দিলে আরেক পাম্পে তেল দিচ্ছেনা আবার আমাদের যতটুকু দরকার ততটুকু পাইনা। তেলের সংকট না কাটলে এবার দক্ষিণ বঙ্গগামী ঈদে ঘরমুখ মানুষের যাত্রায় কষ্ট হতে পরে।
বরিশাল গামী বাসের চালক মো: হাসান জানান,তেলের দাম যদি স্বভাবিক থাকে আর যদি তেল পাই তাহলে আমাদের গাড়ি চালাতে সমস্যা নেই। যদি তেল ঠিকমত পাই তাহলে আগের ভাড়াই থাকবে না হয় গাড়ি ভাড়াও বাড়বে। সরকারের কাছে দাবি তেল যেন মজুত থাকে ঈদের সময় যেন গাড়ি চালাতে পারি না হয় আমরা গাড়ি চালাতে পারবোনা। যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।
এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দাবি,চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় তারা নির্ধারিত পরিমাণের বেশি তেল দিতে পারছেন না। পরিস্থিতি দীর্ঘায়িত হলে কিছু পাম্প সাময়িকভাবে বন্ধ করার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানিয়েছেন তারা।
সিরাজদিখান নিমতলী ফিলিং স্টেশনের ম্যানেজার রিয়াজুর হক জানান,ডিপোতে অনেক সিরিয়াল হাজার হাজার গাড়ির আমাদের গাড়ি সেখানে ঢুকতে পারেনি আমাদের পাম্পে সিমিত তেল রয়েছে আগামীকাল যদি তেল পাই তাহলে দিতে পারবো আর যদি তেল না পাই তাহলে পাম্প বন্ধ করে দিতে হবে। সামনে ঈদ মৌসুমে তেল চাহিদা অনুযায়ি না পেলে সমস্যায় পরতে পারি।
অন্যদিকে যাত্রীদের দাবি, ঈদযাত্রার আগে জ্বালানি তেলের বিষয়টি প্রশাসনকে কঠোরভাবে তদারকি করতে হবে। তা না হলে ঘরমুখো মানুষের যাত্রা ভোগান্তিতে পরিণত হতে পারে।
নড়াইল গামী যাত্রী ইয়াসিন ঢালী জানান,তেলের বিষয়ে নির্ভর করবে সরকারের ওপর তেলের দাম বাড়বে নাকি বাড়বেনা। সরকারের কাছে দাবি জানাই তেল যেন পাম্প থেকে দেয় এই ব্যবস্তা যেন করে। টাকার জন্য আমরা বসে থাকতে পারবোনা আমাদের যেতেই হবে। কারন বছরে ঈদ আসে সবাইকে নিয়ে বাড়িতে ঈদ করবো এখানে ভাড়া বৃদ্ধি বিষয় না কোন ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পারলেই হবে।
পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি সাদা পোশাকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও হাইওয়ে নৌ পুলিশ পুলিশের সমন্বয়ে বিশেষ নজরদারি থাকবে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্থতি নেওয়া হয়েছে। মহাসড়কে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহাসড়কে ১৬ টি মোবাইল টিম কোথাও চুরি ছিনতায়ের ঘটনা না ঘটে তার জন্য মোবাইল টিমগুলো ২৪ ঘন্টা টহলে থাকবে। পাশাপাশি ২০ টি গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট থাকবে। আমাদের জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ নৌ পুলিশ জেলা প্রসাশন ও কোষ্টগার্ডসহ সকলের সমন্বয়ে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে। আশা করি এবার ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ জানান,তেল মজুদ করার সুযোগ নেই তারা যা পাবে তাই দিবে। চালকের যে পরিমান তেল দেওয়ার কথা থাকলেও সে পরিমাণ তেল তারা পাম্প থেকে পাচ্ছেনা সে প্রশ্নের জবাবে তিনি জানান সরকারি বিধি মেনে তারা তেল দিবে কোন গাড়ি কতটুকু পাবে সে অনুযায়ী পাম্প কতৃপক্ষ তেল দিবে। আমরা প্রতিটি পাম্প ভিজিট করে বলে দিয়েছি সরকারি নির্দেশনা অনুযায়ী তেল দিবে।
পাম্প কতৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেনা সে বিষয়ে তিনি স্বীকার করে বলেন তারাও ঠিক মত তেল পাচ্ছেনা এটা ঠিক। এখনও কয়েকদিন বাকি রয়েছে ডিপো থেকে তারা তেল পাবে। তবে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ভোগান্তি হবেনা আশা করছি আমরা মাঠে আছি সার্বক্ষণিক। প্রয়োজনে আমরা আবারও ফিলং স্টেশনের মালিক ও ম্যানেজারদের সাথে বসবো যেন ঈদ যাত্রা কোনভাবে বিঘ্নিত না হয়। আমি আবারও বলি সরকারি নির্দেশনা অনুযায়ী পাম্প কর্তৃপক্ষ চালকদের তেল দিবে যদি না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানান এই কর্মকর্তা।#