মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির সভায় উপরোক্ত নির্দেশনা দিয়েছেন সভার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এছাড়া প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নিতে উৎসাহিত করা হয়েছে অনুষ্ঠিত সভায়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ; সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় জেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই বিষয়টির ওপর গুরুত্বারোপ করে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে এসকল রোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।#