মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকায় অবস্থিত মেসার্স কেএম আলী ফিলিং স্টেশন এবং যমুনা এলপিজি অটোগ্যাস এলপিজি প্রকাশ্যে বাসা বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারে বিক্রি করা হচ্ছে। এতে অনিরাপদ এবং নিরাপত্তাহীনতায় রয়েছে জনগণ।
জানা গেছে, গত ৩ মাস যাবত গ্যাসের বাজারের দামের অস্থিরতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন খালি সিলিন্ডার গুলোতে অবৈধভাবে এই এলপিজি লোড করা সিলিন্ডার গুলো সিল করে বিভিন্ন বাসা বাড়িতে বিক্রি করছে এবং সেই সাথে লাইন লাগিয়ে না বুঝে অসচেতন ক্রেতারা তাদের বাসা বাড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। অটো-এলপিজি ও ডোমেস্টিক সিলিন্ডারের চাপ, মিশ্রণ ও সুরক্ষা সরঞ্জাম ভিন্ন হওয়ায় ক্রস-ফিলিং হলে বিস্ফোরণ, অনিয়ন্ত্রিত গ্যাস বের হওয়া বা বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অটো দিয়ে দুইটি ডোমেস্টিক সিলিন্ডারে গ্যাস ভরে নিয়ে যাওয়া হচ্ছে উপজেলার পপুলার ফাস্ট ফুড দোকানে। এই সিলিন্ডার গুলোকে সেখানে তারা রান্নার কাজে ব্যবহার করে আসছে। এরআগেও দেখা যায় রাতে বোতলে গ্যাস দেওয়া নিষিদ্ধ সাইনবোর্ড লাগিয়ে সিলিন্ডারে গ্যাস কেনা বেচা করা হচ্ছে। অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।
এই বিষয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, এভাবে সিলিন্ডারে গাড়ীতে ব্যবহৃত গ্যাস দিয়ে বাসা বাড়িতে ব্যবহার করলে দূর্ঘটনার ঝুকি বাড়ে।#