ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন।আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ও ধীরগতির সৃষ্টি হয়।
আহত মোটরসাইকেল চালকের নাম টুটুল (৩৮)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আদমজী ইপিজেডে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও থেকে শ্রীনগরগামী একটি পণ্যবাহী ট্রাক নিমতলা এলাকায় পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক টুটুল ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনাকবলিত যানবাহনের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হলে পুলিশ দ্রুত সেগুলো সরানোর কাজ শুরু করে।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো নাজমুল জানান, বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। সড়কের যানজট নিরসনে কাজ চলছে এবং দ্রুত চলাচল স্বাভাবিক করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, বিকেল শেষ হওয়ার আগেই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।