মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ভাবে পরিচালিত একটি চুনা তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পঞ্চমবারের মতো সেটি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
এসময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকাভেটর দিয়ে পুরো স্থাপনাটি ভেঙে ফেলা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। ইউএনওর উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চল, গজারিয়া ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, অবৈধ এই চুনা কারখানার কারণে দীর্ঘদিন ধরে ধুলাবালি ও পরিবেশ দূষণের ভোগান্তিতে ছিলেন। এ নিয়ে পঞ্চমবারের মতো কারখানাটি গুড়িয়ে দেওয়া হলো। নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে এ ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অবৈধ চুনা ও ঢালাই কারখানা গুলো সরকারের মূল্যবান গ্যাস অবৈধ ভাবে ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম গজারিয়ায় কোনো ভাবেই চলতে দেওয়া হবে না। পূর্বে একাধিক বার উচ্ছেদের পরও পুনরায় কারখানা স্থাপন করায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জমির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।