প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
টঙ্গীবাড়ি চরাঞ্চলে আলু পরিবহনে ‘নিয়ন্ত্রণ’ কার হাতে? শ্রমিকদের মুখে সিন্ডিকেটের গল্প
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চরাঞ্চলে আলু পরিবহনকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পুরো পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে পাইকারদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও শ্রমিকরা পাচ্ছেন কম মজুরি।
রবিবার (২৯ মার্চ) দুপুরে সরেজমিনে উপজেলার দিঘিরপাড়, হাসাইল ও চর বেহেরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চরাঞ্চল থেকে উত্তোলিত আলু ঘোড়ার গাড়ি ও ট্রলির মাধ্যমে প্রধান সড়কে আনা হচ্ছে। পরে সেখান থেকে হিমাগারে নেওয়া হচ্ছে। এসব কাজে বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা নিয়োজিত রয়েছেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজনের নিয়ন্ত্রণেই এই পরিবহন কার্যক্রম চলছে। সাহা হালদার, রুবেল খান ও মিজান বেপারীসহ কয়েকজনের মাধ্যমে কাজ পেতে হয় বলে জানান তারা। নির্দিষ্ট এই ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে কাজ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন শ্রমিকরা।
তাদের ভাষ্য, “আমরা দূর-দূরান্ত থেকে কাজ করতে আসি। কিন্তু ন্যায্য মজুরি পাই না। পাইকারদের কাছ থেকে প্রতি বস্তায় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হলেও আমাদের দেওয়া হয় মাত্র ১৮ থেকে ২০ টাকা।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাহা হালদার বলেন, তার তত্ত্বাবধানে কয়েকটি ঘোড়ার গাড়ি পরিচালিত হয়। তিনি দাবি করেন, “আমরা পাইকারদের কাছ থেকে প্রতি বস্তায় ২৫ টাকা নিই এবং শ্রমিকদের ২০ টাকা করে দিই। এছাড়া শ্রমিক সর্দার ও তদারককারীর জন্য অতিরিক্ত ২ টাকা খরচ হয়। সব মিলিয়ে খরচ দাঁড়ায় ২২ টাকা, এতে আমাদের লাভ থাকে ৩ টাকা।”
রুবেল খান বলেন, এখনো নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। খরচ বাদে সামান্য কিছু অর্থ থাকে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে মিজান বেপারী সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং শ্রমিকদের সহায়তা করছেন মাত্র।
স্থানীয়দের মতে, পুরো বিষয়টি তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত