প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
গজারিয়ায় পাম্পে তেল পেতে যানবাহনের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮টি তেলের পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে জ্বালানি সরবরাহ থাকায় সেখানে মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা।
গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গজারিয়া অংশে অধিকাংশ পাম্পে ‘তেল নাই’ লেখা সাইনবোর্ড ঝুলছে। অনেক পাম্পের প্রবেশ পথ রশি ও বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আনারপুরা এলাকায় একটি মাত্র চালু পাম্পে তেল নিতে শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। শৃঙ্খলা বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকাগামী মোটর সাইকেল চালক ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকার বাসিন্দা হৃদয় হোসেন বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। এতে কাজের ব্যাঘাত ঘটছে এবং আয় রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় আরেক মোটর সাইকেল চালক জসিম উদ্দিন জানান, ৮টি পাম্প থাকলেও একটি ছাড়া কোথাও তেল মিলছে না। এতে চাপ বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তিশা পরিবহনের বাসচালক শাহজালাল মিয়া বলেন, কুমিল্লা থেকে যাত্রী নিয়ে বের হলেও তেল সংকটের কারণে মাঝপথে আটকে পড়ার শঙ্কা রয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখন তেল পাওয়া যাবে, তারও নিশ্চয়তা নেই, এতে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।
আনারপুরা এলাকার জেএমআই ফিলিং স্টেশনের কর্মকর্তা বেলাল হোসাইন জানান, অনেক মোটরসাইকেল চালক প্রয়োজনের অতিরিক্ত তেল নিতে চান, এমনকি বোতলে করে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশকে জানাতে হয়।
এদিকে জেএমআই ফিলিং স্টেশনে উপস্থিত গজারিয়া থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং সবাইকে লাইনে দাঁড়িয়ে তেল নিতে বলা হচ্ছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,গত বছরের তুলনায় চলতি মার্চে জ্বালানির সরবরাহ কিছুটা বেশি থাকলেও বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। ফলে ডিপো থেকে তেল আসার পরপরই পাম্পে ভিড় তৈরি হচ্ছে। কৃত্রিম সংকট রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত