মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী ও মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুই দিনের পৃথক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ বেড় জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাল থেকে উদ্ধার করা ৬০ কেজি জাটকা নাগেরহাট মাদ্রাসা ও স্থানীয় অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদউল্লাহ এবং উপপ্রকল্প পরিচালক নাসির উদ্দীন।
গতকাল সোমবার সকালে মাওয়া পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইটি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫৫ পিস চায়না দুয়ারী জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকে থাকা অবৈধ জালের কোনো মালিককে শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ট্রাকে থাকা অন্যান্য বৈধ পণ্য অক্ষত রেখে চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশসহ দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।