প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
গজারিয়ায় বসুরচর নদীর ওপর সেতু নির্মাণের দাবি.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন ১১টি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি বসুরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীর ওপর একটি সেতু নির্মাণ। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব ও এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত এ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ভাষারচর, জামালপুর, শিমুলিয়া, গুয়াগাছিয়া, বালুরচর, কদমতলী, দত্তেরচর ও বড় বসুরচরসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা এ দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন মনসুর আলম টিপু মাস্টার। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, গুয়াগাছিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন ১১টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে নদী পারাপারের দুর্ভোগে পড়ছেন। বসুরচর ফেরীঘাটে একটি সেতু নির্মাণ করা হলে এসব এলাকার মানুষ সহজেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে দ্রুত যাতায়াত করতে পারবেন।
দত্তেরচর গ্রামের বাসিন্দা মো.আলাউদ্দিন বলেন, নদী থাকার কারণে এলাকাটি অনেক পিছিয়ে আছে। একটি সেতু নির্মাণ হলে যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মনসুর আলম টিপু মাস্টার বলেন, বছরের পর বছর ফেরিঘাট ও নৌকার ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। একটি সেতু হলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
মাসুম বেপারী বলেন, কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। সেতু নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম বলেন, বাউশিয়া-গুয়াগাছিয়া সংযোগ সেতু নির্মাণের ক্ষেত্রে বসুরচর ঘাটের দিকটি সবচেয়ে উপযোগী। এ পথে সেতু নির্মাণ করলে বসতবাড়ি উচ্ছেদ কম হবে, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের ব্যয়ও কম পড়বে। পাশাপাশি এটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি হওয়ায় জাতীয় মহাসড়কের সঙ্গে সহজ সংযোগ স্থাপন সম্ভব হবে।
সভা থেকে দ্রুত সময়ের মধ্যে বসুরচর ফেরীঘাট দিয়ে বসুরচর-নতুন চরচাষী সংযোগ সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত