এক সময় গ্রামীণ শিশু-কিশোরদের সবচেয়ে প্রিয় খেলা ছিল মার্বেল। সেই মার্বেল খেলা এখন কেবল স্মৃতির পাতায়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবং শহরমুখী বিনোদনের জোয়ারে মার্বেল খেলার সেই চেনা দৃশ্য এখন আর চোখে পড়ে না।
এক সময় মার্বেল খেলার জন্য বাবা-মায়ের শাসন, শিক্ষকরা জানতে পারলে শাস্তির ভয়-এসব কিছুই যেন ঠেকাতে পারত না খেলোয়াড়দের। স্কুল পালিয়ে, বই-খাতা ফেলে, এমনকি পরীক্ষার আগেও অনেকেই মাটিতে হেলান দিয়ে মার্বেল খেলায় ব্যস্ত থাকত। মার্বেলের প্রতি সেই অদ্ভুত টান ছিল শিশুমনের এক অকৃত্রিম আনন্দ।
স্থানীয় প্রবীণ লোকজন জানিয়েছেন, আগে গ্রামের প্রতিটি অলিতে-গলিতে দেখা যেত মার্বেল খেলছে ছেলে-পেলেরা। এখন এসব খেলা যেন গল্প হয়ে গেছে। নতুন প্রজন্ম জানেই না কীভাবে এই খেলাটা খেলা হয়।
এক অভিভাবক আক্ষেপ করে বলেন, মোবাইল ফোন, ট্যাব আর ভিডিও গেমে আসক্ত আমাদের সন্তানরা। তারা এখন আর মাঠের মাটি ছুঁয়েও দেখে না। শিক্ষাবিদরা বলছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রামীণ খেলা যেমন মার্বেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক বন্ধন, মনোযোগ, ধৈর্য ও কৌশল শেখাত এই খেলা। এখন তা হারিয়ে যাওয়ায় শিশুদের স্বাভাবিক বিকাশেও প্রভাব পড়ছে।
সমাজের নানা স্তরের মানুষ চাইছেন, স্কুল ও কমিউনিটি পর্যায়ে ঐতিহ্যবাহী খেলা যেমন মার্বেল, গুলি, লাটিমের মতো খেলাগুলোর পুনরুজ্জীবনের উদ্যোগ নেয়া হোক। আজও হয়তো কোথাও একটা শিশুরা গোপনে মার্বেল খেলে, কিন্তু আগের মতো দল বেঁধে, তুমুল উত্তেজনায়, শাসন-শাস্তিকে উপেক্ষা করে খেলার সেই দৃশ্য যেন শুধুই এক ফেলে আসা সময়ের গল্প।#