প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
সমন্বয়ক পরিচয়ে পুলিশের কাজে বাধা: সিরাজদীখানে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—পূর্ব রাজদিয়া গ্রামের মৃত মো. হামিদ বেপারীর ছেলে মো. সোহেল বেপারী (২১), একই গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে ইয়ামিন শেখ (২৭) এবং মো. বাদশা শেখের ছেলে মো. হোসেন শেখ (২৭)।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ইয়ামিন শেখ নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে অভিযানে হস্তক্ষেপ করেন। তিনি স্থানীয় লোকজনকে জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইয়ামিন শেখ ও তার সহযোগী হোসেন শেখকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়।
সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ বলেন, ইয়ামিন শেখ ২০২৪ সালের আন্দোলনের সময় সক্রিয় ছিল। তবে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ রয়েছে কি না, তা নিশ্চিত নই।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মাদকসহ একজনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ায় আরও দুইজনকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত