আইন অনুযায়ী বছর জুড়ে ইলিশের পোনা জাটকা নিষিদ্ধ থাকলেও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
এতে একদিকে যেমন হুমকির মুখে পড়ছে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন, অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, খোলা জায়গায় বসিয়ে বিভিন্ন আকারের জাটকা বিক্রি করছেন একাধিক মাছ ব্যবসায়ী। ৫ থেকে ৭ ইঞ্চি দৈর্ঘ্যের এসব জাটকা ক্রেতাদের কাছে কেজিপ্রতি ৩২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
ভবেরচর এলাকার মাছ বিক্রেতা বিল্লাল হোসেন জানান, তিনি চাঁদপুরের ষাটনল এলাকা থেকে জাটকা কিনে এনে বিক্রি করছেন। তিনি আরো বলেন, দুই ভাগে মোট ৮ হাজার ৫০০ টাকার জাটকা কিনেছি। ছোটগুলো ৩২০ টাকা আর একটু বড়গুলো ৪৫০ টাকায় বিক্রি করছি।
স্থানীয়দের অভিযোগ, শুধু ভবেরচর নয় গত কয়েক দিন ধরে উপজেলার ভাটেরচর বাজার, বাউশিয়া দাসকান্দি বাজার এবং নয়াকান্দি গ্রামেও প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। অথচ উপজেলা টাস্কফোর্স বা মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অভিযান বা পদক্ষেপ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতি বছরই সরকার জাটকা রক্ষায় অভিযান চালায়। কিন্তু এবার তো মনে হচ্ছে কেউ দেখারই নেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইলিশের সংকট দেখা দেবে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, জাটকা বিক্রির খবর পেয়েছি। মাছগুলোর আকার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তবে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
এদিকে বিশেষজ্ঞদের মতে, জাটকা নিধন বন্ধ না হলে দেশের ইলিশ উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।