প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশ্য জাটকা বিক্রি; প্রতিবেদন প্রকাশের পরই মাঠে প্রশাসন,১২ কেজি জব্দ.
জুয়েল দেওয়ান,গজারিয়া
দৈনিক মুন্সীগঞ্জের সময় এ-"গজারিয়ায় বাজার-মহল্লায় প্রকাশ্যে জাটকা বিক্রি” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলার ভবেরচর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাজারে থাকা অসাধু ব্যবসায়ীরা ইলিশের পোনা জাটকা মাছ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় ১২ কেজি জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় হোগলাকান্দি বড় কবরস্থান সংলগ্ন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় প্রকাশ্যে জাটকা বিক্রি হলেও সংশ্লিষ্টদের তৎপরতা তেমন চোখে পড়েনি। ফলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
ভবেরচর এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, আমরা প্রায়ই বাজারে ছোট ইলিশ বিক্রি হতে দেখি। প্রশাসন নিয়মিত নজরদারি বাড়ালে এ অবস্থা নিয়ন্ত্রণে আসবে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ রক্ষা পায়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত