জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম
----- জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং আধুনিক, উদ্ভাবন নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, খুদে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মেলার উদ্বোধন শেষে ল সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুজ্জামান রতন এমপি ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অপর অতিথিদের নিয়ে মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন তারা।