মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ম্যাগজিনভর্তি ২ রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তারকৃতের নাম আবির মাঝি ওরফে মৃদুল (২৩)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভট্টাচার্যেরবাগ গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। সে একই উপজেলার মাকহাটি গ্রামের মো. আব্দুল হাই মাঝির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে বলা হয়েছে দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া-ডিঙ্গাভাঙ্গা পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় যুবকের শরীর তল্লাসি করে ম্যাগজিনভর্তি গুলি, বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।#