বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন
মুন্সীগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক রহিমা সিকদার
বিশেষ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উদ্বোধন করার পর
এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আর উদ্বোধনের দিনই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য রহিমা শিকদার। ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক পথচলা শুরু করা রহিমা সিকদার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক পথচলায় রহিমা সিকদার ছিলেন আপোষহীন। এলাকার জনগণের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের ইতিহাসের লড়াকু সৈনিক বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য রহিমা সিকদার গত ১৬-১৭ বছরের সংগ্রামে অনেক নিদারুণ দুঃখ, কষ্ট ও বেদনার মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে মহিলা দল, জেলা বিএনপি ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় মহিলা দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদিকা ও সমবায় বিষয়ক সম্পাদিকার দায়িত্বও পালন করেছেন।
১৯৭৯ সালের বিএনপির প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় থেকে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কথা উল্লেখ করে রহিমা শিকদার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি রাজনৈতিক সংগ্রামে তিনি মাঠে ছিলেন। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন-এর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সমন্বয় করে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক ও মানবিক কার্যক্রমেও বিএনপি নেত্রী রহিমা সিকদার ভূমিকা উল্লেখযোগ্য। করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও পৃষ্ঠপোষকতা এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করেন। তিনি মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে রাজনৈতিক সহিংসতায় স্বামী মরহুম রেজাউল কবিরসহ পরিবারের একাধিক সদস্যকে হারানোর বেদনার কথা তুলে ধরে তিনি বলেন, দল ও আদর্শের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা, হামলা-মামলা ও সম্পত্তি দখলের মতো ঘটনাও তাকে দমিয়ে রাখতে পারেনি।
মুন্সীগঞ্জের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দাবি, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) এলাকার জনগণের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের ইতিহাসের ভিত্তিতে বেগম রহিমা শিকদার সংরক্ষিত মহিলা আসনের জন্য যোগ্য প্রার্থী। তারা তাকে জাতীয় সংসদে দেখতে চান এবং আশা করছেন দল তার দীর্ঘ রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করে উপহারসরূপ রহিমা সিকদারকে দলীয় মনোনয়ন নিশ্চিত করবেন নেতৃবৃন্দ।
শুক্রবার দলীয় মনোনয়ন সংগ্রহ করে বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য রহিমা সিকদার রাতে বলেন, আগামী রোববার তিনি দলীয় মনোনয়ন জমা দিবেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন মনোভাব বজায় রেখে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বেগম রহিমা শিকদার।
দলীয় সূত্র জানায়, শুক্রবার থেকে নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
জানা গেছে, গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।