প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গেল ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনা, অপরাধ ও অনিয়মে জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে। আলোচিত এসব ঘটনায় জননিরাপত্তা, স্বাস্থ্যঝুঁকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এই সময়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ঘোড়া জবাইয়ের চাঞ্চল্যকর ঘটনা। ৮ এপ্রিল উপজেলার আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে জবাইকৃত ১৩টি ঘোড়া ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে আসছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জনস্বাস্থ্য নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক।
১০ এপ্রিল গজারিয়া উপজেলায় কবরস্থান থেকে পাঁচজন মৃত ব্যক্তির কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
৯ এপ্রিল তেতৈতলা মেঘনা ফেরিঘাট এলাকায় পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য, স্কুল থেকে ফিরে কাউকে না জানিয়ে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয় সে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌরাস্তায় পৃথক সড়ক দুর্ঘটনা ও টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে গজারিয়া অংশেও। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একই দিনে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টার গুলোতে মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে।
৭ এপ্রিল টেকপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটে। একইদিন উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ জাটকা মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ ওঠে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
৬ এপ্রিল হাম সন্দেহে এক রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আরও ৯জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকসেবীদের আড্ডার অভিযোগে পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫ এপ্রিল চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত আক্তার হোসেন ওরফে জমির প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
৩ এপ্রিল রাতে মাদকবিরোধী অভিযানে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ২৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। একইদিন বড় ভাটেরচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। একই সময়ে জ্বালানি সংকটে উপজেলার ৮টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে তেল সরবরাহ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা।
অন্যদিকে, কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে গজারিয়ার শতাধিক যুবককে প্রতারণার মাধ্যমে নিয়ে গিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, উপজেলায় সাম্প্রতিক ঘটনা গুলো আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ঘোড়া জবাই, মাদক, ছিনতাইসহ প্রতিটি ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জননিরাপত্তা জোরদারে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।