মুন্সীগঞ্জে অধিক দরে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের দোকান সমূহে মনিটরিং করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। মানিকপুর এলাকায় আতিয়া স্টোরে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক মো. সবুজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় জোবায়ের স্টোরের মালিক মো. জজ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। এ ব্যপারে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, এপ্রিল মাসে সরকার ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের সর্বচ্চ মুল্য ১ হাজার ৭ শত ২৮ টাকা ব্যবসায়ীদের বিক্রির জন্য নির্ধারন করে দিয়েছে। ব্যবসায়ীরা নির্ধারিত মুল্য উপেক্ষা করে ২-৩ টাকা অধিক মুল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় আজ দুই ব্যবসায়ীকে জরিমানা করেছি। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।