মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে জেলা পর্যায়ের স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বক্তারা মেধা ও সৃজনশীলতার এই স্বীকৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী দিনে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।#