মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে একটি ঢালাই কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। সরকারি অনুমোদন ছাড়াই গ্যাস ব্যবহার করায় প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি কবরস্থান মহল্লায় শরিফ মিয়ার বাড়ির একটি টিনশেড ঘরের ভেতরে গড়ে তোলা হয়েছে ঢালাই কারখানা। সেখানে প্লাস্টিকের লতা পাইপ দিয়ে গ্যাসের লাইন টেনে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে এবং সেই গ্যাস ব্যবহার করে লোহা গলানোর কাজ চলছে। ঘরের ভেতরে পোড়া বালু, চুল্লি ও বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে থাকতে দেখা যায়।
কারখানার ভেতরে কাজ চলাকালে ইউছুফ নামে এক ব্যক্তি নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, আমাদের মালিক দীর্ঘদিন আগে গ্যাস সংযোগ বৈধ করার জন্য ২ লাখ টাকা জমা দিয়েছেন। কিন্তু এখনো সংযোগটি বৈধ করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গজারিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ চুনা ও ঢালাই কারখানার বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালালেও রহস্যজনক কারণে এই কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, কয়েক বছর ধরে গোপনে কারখানাটির কার্যক্রম চলছে। টিন দিয়ে ঘেরা ভেতরে মাঝেমধ্যে ট্রাক আসা-যাওয়া করে। চুল্লি চালু থাকলে শব্দ হয় এবং দূর থেকেও আগুনের তাপ অনুভব করা যায়। তবে মালিক বা কর্মীদের সম্পর্কে কিছুই জানা যায় না।
আরেক বাসিন্দা কামাল হোসেন বলেন, এই এলাকায় কোনো বৈধ গ্যাস সংযোগ নেই। সে হিসাবে কারখানাটি অবৈধ সংযোগে চলছে। অনবরত গ্যাস পোড়ানো হচ্ছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিষয়টি জানতে জায়গার মালিক শরিফ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নজরে এলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগে কোনো শিল্প কার্যক্রম পরিচালিত হলে তাৎক্ষণিক ভাবে সংযোগ বিচ্ছিন্নসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।