মুন্সীগঞ্জের সিরাজদীখানে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকার মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া গ্রামের ঈদগাহ সামনে তালহা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড-এগ্রো।
আধুনিক উৎপাদন কলাকৌশল ও আলুর ফলন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ১৩০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আনিছুর রহমান এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সিরাজদীখান বাজারের ব্র্যাক ডিলার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ব্র্যাকের টেরিটোরি সেলস অফিসার মো. লাভলু পারভেজের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বায়োপেস্টিসাইডের নিরাপদ ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং আলুর উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইড ব্যবহারের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।