প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা.
জুয়েল দেওয়ান,গজারিয়া
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের বাংলা ১ম পত্র। চারটি কেন্দ্রে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৮ জন, এর মধ্যে ৭ জন বালক ও ১১ জন বালিকা।
পরীক্ষা কেন্দ্রগুলো ছিল গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষকরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কেন্দ্রেই উৎসবমুখর, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, কেন্দ্র গুলোতে নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখেছি। এতে আমরা সন্তুষ্ট।
পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রথম দিন হওয়ায় তারা কিছুটা নার্ভাস ছিল। তবে প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে বলে তাদের ধারণা।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। সন্তানদের পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তারা।
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গাফফার বলেন, আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা সবাই সন্তুষ্ট।
গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আখতারুজ্জামান বিপুল বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাই আনন্দিত।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত