মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাটের কারণে ৬টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। এসময় আনুমানিক ১০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রশুনিয়া, ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।
তিনি বলেন, সিরাজদীখান বাজার, পশ্চিম আবিরপাড়া, কুসুমপুর, রাজদিয়া ও টেংগরিয়াপাড়াসহ মোট ৮টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত ৬টি ড্রেজার মেশিন বিকল এবং ১০ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপিত পাইপলাইন অপসারণ ও ধ্বংস করা হয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের অবৈধ ড্রেজিং, বালু উত্তোলন ও জমি শ্রেণি পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে জানানো হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রেজার চালিয়ে বালু উত্তোলন ও জমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধ ড্রেজার ও জমি ভরাট প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে।#