“আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, আমাদের সবাইকে মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে” বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এ বৃক্ষ রোপন করা হয়।
মীর সরফত আলী সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় হাই কমান্ডের সবার একটাই লক্ষ্য, দেশটাকে সকলকে নিয়ে এগিয়ে নেওয়া। আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন একটি সুন্দর, সুশৃঙ্খল, ন্যায়ের বাংলাদেশ পায়। সেটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে মধুপুরের পীর আমির আব্দুল হামিদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আবু আম্মার আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#