বর্ষা এলেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাল, বিল, জলাশয় ও নিচু জমিগুলো ভরে ওঠে শাপলা ফুলে। প্রাকৃতিকভাবে জন্মানো এসব শাপলা এখন শুধু স্থানীয় বাজারেই নয়, যাচ্ছে রাজধানী ঢাকাতেও। ফলে মৌসুমি এ শাপলা সংগ্রহ করে অনেকেই বাড়তি আয় করছেন, জীবিকায় এসেছে স্বস্তি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের প্রধান সড়কে ট্রাকে মজুত করা শাপলার চিত্র দেখা গেছে।
উপজেলার রশুনিয়া ও লতব্দী ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ প্রতিদিন ভোর থেকে খাল-বিলের পানিতে নেমে শাপলা সংগ্রহে নামেন। কেউ পানিতে নেমে, কেউবা ছোট নৌকা নিয়ে শাপলা তুলছেন। এরপর তা স্থানীয় বাজারে এনে বিক্রি করেন। প্রতি আঁটি শাপলা স্থানীয় হাটে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কেউ কেউ সারাদিন সংগ্রহ শেষে বিকেলে পাইকারদের কাছে একযোগে বিক্রি করেন।
লতব্দী ইউনিয়নের শাপলা সংগ্রাহক ইকবাল হোসেন বলেন, প্রতিদিন সকালে খাল-বিল থেকে শাপলা তুলে এক জায়গায় জমাই। বিকেলে পাইকার এসে কিনে নিয়ে যায়। একেকদিন ২০০ থেকে ৩০০ আঁটি তুলতে পারি। প্রতি আঁটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। এই আয়ে ছেলেমেয়েদের পড়ালেখার খরচ আর ঘরের বাজার চালাই। বর্ষা মৌসুমে শাপলাই আমাদের জন্য বড় ভরসা।
আরেক সংগ্রাহক রহিম উদ্দিন বলেন, আমি আর আমার স্ত্রী মিলে প্রতিদিন শাপলা তুলতে যাই। বিলের পানি এখন ভালো, তাই শাপলাও অনেক। আগে শুধু স্থানীয় বাজারে বিক্রি করতাম, এখন পাইকাররা কিনে ঢাকায় নেয়। এতে আমাদের আয় কিছুটা বেড়েছে। বর্ষার এই সময়টায় শাপলা তুলেই সংসার ভালোভাবে চলে।
পাইকার বাবু শেখ জানান, প্রতিদিন কয়েক হাজার আঁটি শাপলা কিনে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজার, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে পাঠানো হয়। ঢাকায় শাপলার চাহিদা অনেক বেশি বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, শাপলা একটি মৌসুমি খাদ্যপণ্য ও ফুল, যা এখানকার জলাভূমিতে স্বাভাবিকভাবে জন্মায়। স্থানীয়ভাবে যেমন এর চাহিদা রয়েছে, তেমনি এখন ঢাকাতেও বড় বাজার তৈরি হয়েছে। এতে করে এলাকার অনেক পরিবার মৌসুমি আয় পাচ্ছে।