পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম শুরু হয়েছে। তবে একটি হাটের সিডিউল কেনাকে কেন্দ্র করে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একটি কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক।
বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার বিভিন্ন অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার আহ্বান জানানো হয়। এর মধ্যে বালিগাঁও ইউনিয়নের “বালিগাঁও অস্থায়ী হাট”-এর কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার টাকা। এ হাটের সিডিউল মূল্য রাখা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, যা অফেরতযোগ্য।
প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, সিডিউল বিক্রির প্রথম দিনেই “আনিসুল হক” ও “আতাউর রহমান” নামে দুই ব্যক্তি বালিগাঁও অস্থায়ী হাটের সিডিউল ক্রয় করেন। পরে অনুসন্ধানে জানা যায়, তাঁরা বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস. এম. আনিসুল হক এবং সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমে সম্পৃক্ততা কতটা শোভনীয়। তাদের মতে, এতে শিক্ষকদের পেশাগত ভাবমূর্তি এবং শিক্ষার্থীদের কাছে প্রেরিত বার্তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শিক্ষকদের এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ভিন্ন ধরনের ধারণা তৈরি করছে। একই প্রতিষ্ঠানের দুই শীর্ষ শিক্ষক একসঙ্গে হাটের সিডিউল কেনায় বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মো. আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অধ্যক্ষ এস. এম. আনিসুল হক বলেন, “দুটি সিডিউল কেনা হয়েছে, তবে চূড়ান্তভাবে কার নামে রাখা হবে তা এখনো নির্ধারিত হয়নি। শিক্ষকদের নামে সিডিউল কেনায় কোনো বিধিনিষেধ আছে কি না, সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা নেই।”
স্থানীয় সচেতন মহলের মতে, প্রচলিত আইনে সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের প্রকাশ্য বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ প্রায়ই বিতর্কের জন্ম দেয়। টঙ্গীবাড়ীতেও সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।