মুন্সীগঞ্জের গজারিয়া থানার সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে করে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে নারী ও বয়স্কদের চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
গতকাল রোববার দুপুরে বৃষ্টির পরপরই থানার প্রবেশপথসহ কম্পাউন্ডের সামনে পানি জমে কাদামাটিতে একাকার হয়ে যায়। ফলে থানায় প্রবেশ ও বের হতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন সেবা গ্রহীতারা।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। থানায় আসা মানেই কাদা-পানি মাড়িয়ে যেতে হয়। এটা খুবই বিব্রতকর।
আরেক ভুক্তভোগী সালমা বেগম জানান,
আমি একটি জিডি করতে এসেছি। কিন্তু ভেতরে ঢুকতেই কষ্ট হয়ে গেল। কাদা-পানি এত বেশি যে কাপড় ভিজে গেছে। থানার মতো গুরুত্বপূর্ণ জায়গার এই অবস্থা হওয়া ঠিক না।
রিকশাচালক আব্দুল কাদের বলেন, যাত্রী নামাতে সমস্যা হয়। কাদার মধ্যে চাকা আটকে যায়। রিকশা নিয়ে ঠিক ভাবে ঢোকাও যায় না। এতে আমাদেরও ভোগান্তি হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এমন অবস্থা থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান জরুরি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, সামান্য বৃষ্টিতেই থানার সামনে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সেবা নিতে আসা মানুষের ভোগান্তির বিষয়টি আমরা অবগত আছি। মূলত পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাময়িক ভাবে পানি অপসারণের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সেবা গ্রহীতাদের ভোগান্তি কিছুটা হলেও কমানো যায়।