প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সিরাজদীখানে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি পাচ্ছে ৩০০ পরিবার
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দিতে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ফলে রশুনিয়া ইউনিয়নের ৩০০টি পরিবার এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।
উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিম পাশে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় স্কিমটি নির্মাণ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম জানান, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মেসার্স ছাদিয়া এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৪.২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে এলাকার অন্তত ৩০০টি পরিবার সরাসরি এ সুবিধার আওতায় এসেছে।
রশুনিয়া এলাকার বাসিন্দারা জানান, স্কিমটি চালু হওয়ায় দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূর হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, এই পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম চালুর মাধ্যমে ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণ হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, গ্রামীণ জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলোর একটি। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত