প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি পরীক্ষার সময়ের মধ্যেই বিদ্যালয়ের পাশে বসেছে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা। এতে করে পরীক্ষার্থী শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
উপজেলার বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের পাশে ব্যক্তি মালিকানা খোলা জায়গায় শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা। প্রতিদিনই এই মেলায় শিক্ষার্থীদের পাশাপাশি মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে এসএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ক্লাসের পরীক্ষা চলাকালে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা আয়োজনের ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিগ্নিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়,
মেলার বিভিন্ন রাইড, মাইকিং এবং উচ্চ শব্দে গান-বাজনার কারণে আশপাশের পরিবেশ সবসময় কোলাহলপূর্ণ হয়ে রয়েছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত শব্দের মাত্রা আরও বেড়ে যায়, যা শিক্ষার্থীদের জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করছে।
মিজানুর রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়টাতে শান্ত পরিবেশ দরকার। কিন্তু মেলার শব্দে আমাদের সন্তানরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না।
আরেক অভিভাবক জহিরুল ইসলাম
বলেন, বিদ্যালয়ের পাশে মেলা বসানোর অনুমতি কীভাবে দেওয়া হলো, তা আমরা বুঝতে পারছি না। প্রশাসনের উচিত ছিল পরীক্ষার সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া।
স্থানীয় শিক্ষার্থীর মা মৌসুমি দাশ বলেন,
রাত পর্যন্ত গান-বাজনা চলে।ছেলে মেয়েরা মনোযোগ দিতে পারছে না। এতে তাদের ফলাফলের ওপর প্রভাব পড়বে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত। বিশেষ করে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার সময় শিক্ষা পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে মেলা আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং স্থানীয় মানুষের বিনোদনের কথা বিবেচনা করেই মেলার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিভাবকরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পরীক্ষা ও পড়াশোনা চালিয়ে যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মেলার শব্দ নিয়ন্ত্রণ কিংবা কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হবে।