প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
৩ দিন ধরে তেল সংকট, দুশ্চিন্তায় পাম্প কর্তৃপক্ষ; চরম ভোগান্তিতে চালকরা
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের মেসার্স কে-আলি ফিলিং স্টেশনে টানা তিন দিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে পাম্প কর্তৃপক্ষ। এতে করে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই তেল সরবরাহ করা যাচ্ছে না, পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে তেল নিতে আসা মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকরা খালি হাতেই ফিরে যাচ্ছেন। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেন।
পাম্পটির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ঢালী জানান, গত তিন দিন ধরে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে করে পাম্পটি কার্যত বন্ধের উপক্রম হয়েছে। তিনি বলেন, “আমরা নিয়মিত ডিপো থেকে তেল নিয়ে থাকি। কিন্তু হঠাৎ করেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িকভাবে বড় ক্ষতির মুখে পড়েছি। সরকারি অফিসসহ অনেক প্রতিষ্ঠানকে তেল দিতে পারছি না, এতে আমাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।”
স্থানীয় কয়েকজন চালক জানান, হঠাৎ করে তেল সংকট দেখা দেওয়ায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা বেশি বিপাকে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য এলাকায় গিয়ে বেশি দামে তেল কিনছেন বলেও অভিযোগ করেন তারা।
পাম্প কর্তৃপক্ষ ধারণা করছেন, ডিপো থেকে সরবরাহে জটিলতা বা পরিবহন সংক্রান্ত সমস্যার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ অবস্থায় দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পাম্প মালিক ও স্থানীয়রা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত