প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে অবস্থিত ৩৬ নং করিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ। ফলে বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাসেম্বলি করানো হচ্ছে ভবনের বারান্দায়। এতে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির নিজস্ব কোনো খোলা জায়গা নেই। ভবনের সামান্য বারান্দাই শিক্ষার্থীদের একমাত্র ভরসা। সেখানে গাদাগাদি করে দাঁড়িয়ে ২৩৭ জন শিক্ষার্থীকে অ্যাসেম্বলি করতে হচ্ছে। খেলাধুলার সুযোগ না থাকায় টিফিনের সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ বা বারান্দায় বসেই সময় কাটায়।
বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম জানায়, তার খুব খেলতে ইচ্ছে করে, কিন্তু মাঠ না থাকায় তা সম্ভব হয় না। একই ভাবে শিক্ষার্থী জুমা আক্তার জানায়, স্কুলে খেলার সরঞ্জাম থাকলেও মাঠ না থাকায় তারা তা ব্যবহার করতে পারে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহিরা তাবাচ্ছুমের কথায়, আমরা শুধু পড়াশোনা করে চলে যাই, অন্য স্কুলের মতো আনন্দ করতে পারি না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফুর উদ্দিন বলেন, মাঠ না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক ব্যায়াম একেবারেই সীমিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে বারান্দায় অ্যাসেম্বলি করাতে হয়, ফলে স্বাভাবিকভাবে হাত-পা নেড়ে ব্যায়াম করার সুযোগও থাকে না। একটি খেলার মাঠ থাকলে এই সমস্যার সমাধান সম্ভব।মাঠ না থাকার পাশাপাশি বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ওয়াশ ব্লক ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও, যা শিক্ষার্থীদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিভাবকরা জানান, একটি বিদ্যালয়ে খেলার মাঠ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু করিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব মৌলিক সুবিধার অভাবে তাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে।
তারা বলেন, শিশুরা সারাদিন ক্লাস করে কোনো ধরনের খেলাধুলার সুযোগ পায় না, এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের সন্তানরা স্কুলে গিয়ে শুধু বই পড়ে ফিরে আসে। খেলাধুলা বা আনন্দের কোনো সুযোগ নেই। অন্য স্কুলের শিশুদের মতো তারা স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না।
তারা দ্রুত বিদ্যালয়ের জন্য একটি খেলার মাঠ, পর্যাপ্ত ওয়াশ ব্লক এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, একটি বিদ্যালয়ের জন্য খেলার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। মাঠ না থাকা নিঃসন্দেহে বড় একটি সমস্যা। এতে শিক্ষার্থীরা অবসর সময়ে খেলাধুলা ও শারীরিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ে খেলার মাঠ, ওয়াশ ব্লক ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।