মুন্সীগঞ্জে অনুষ্ঠিত তিন দিনব্যাপী “ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস” কর্মশালার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের গুগল ফর্ম ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রশিক্ষক মোঃ ফাহিম সিদ্দিকী অনলাইন ও মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে দেখান, কীভাবে গুগল ফর্ম তৈরি, প্রশ্ন সংযুক্ত, উত্তর সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করা যায়। এছাড়া মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ সহজ ও দ্রুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের গুরুত্বও তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা আগামী ১০ মে শেষ হবে।