প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
সিরাজদীখানে নিজ বসতঘর থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজ বসতঘর থেকে পাপ্পু হাওলাদার (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পাপ্পু হাওলাদার ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন এবং অবিবাহিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) জুমার নামাজের পর থেকে পাপ্পুকে আর বাড়ির বাইরে দেখা যায়নি। পরে সোমবার দুপুরে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে ঘরের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পাপ্পুর বাবা-মা মারা যাওয়ার পর তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে একাই বসবাস করতেন। তার ঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হওয়ায় মরদেহটি পচে অর্ধগলিত অবস্থায় পরিণত হয়। প্রাথমিক তদন্তে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত