প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
আমরা দালাল নই’-গজারিয়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ফারিয়া গজারিয়া শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা ফারিয়া শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম তারেকের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক বিল্লালসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সংগঠনের নেতারা।
ফারিয়ার সাধারণ সম্পাদক রেজাউল করিম তারেক বলেন, আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজ করি। হাসপাতালে কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। তবুও আমাদের দালাল বলা হয়। কোনো রোগী বা চিকিৎসকের সঙ্গে প্রতারণার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ফার্মা সেক্টরের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।
সভাপতি মশিউর রহমান বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের অপরিহার্য ও উচ্চশিক্ষিত অংশ। কিন্তু তাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। চিকিৎসা প্রতিনিধিরা কোনো ভাবেই দালাল নন, তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার দক্ষ কর্মী।
তিনি আরও বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালনকারী এসব কর্মীদের চাকরির নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাই।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে এনএসআই ও পুলিশের হাতে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ আটক হন। পরে যাচাই বাছাই শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের ছেড়ে দেন।######
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত