প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সিরাজদীখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সিরাজদীখান উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনবল হিসেবে দেশের ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ বিভিন্ন স্থানে তাঁদের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে, যা অপমানজনক ও অগ্রহণযোগ্য।
তাঁরা আরও অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার ও হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সিরাজদীখান উপজেলা ফারিয়ার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহ-সভাপতি আশরাফুল আলম, রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি আল আমিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ আবু মুসাসহ বিভিন্ন কোম্পানির প্রায় ৭০–৮০ জন প্রতিনিধি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একটি প্রতিবাদ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত