“মুন্সীগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা : বর্তমান অবস্থা ও আগামীর পরিকল্পনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হয় এই মতবিনিময় সভা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখা এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন, “মুন্সীগঞ্জ সদর উপজেলাকেই কেন্দ্র করে স্বাস্থ্যখাতের বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যাতে জেলার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পায়।” তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে চিকিৎসক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ড্যাব মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. কেএম ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।
সভায় আরও বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. কে এম মজিবুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এম এ মালেক মুরাদ, সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, এটিএন নিউজের সাংবাদিক ভবতোষ চৌধুরী নুপুর, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা এবং জুলাই যোদ্ধা রায়হান রাব্বী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ (হেলাল)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ড্যাবের সদস্য সচিব ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মো. নাঈম খান।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালট্যান্ট মো. সাঈদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংবাদিক মঈনউদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।#