প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
গজারিয়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় অন্তত ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ। মাঠের অভাবে বিদ্যালয় গুলোতে প্রাত্যহিক সমাবেশ করতে হচ্ছে বারান্দায়। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা।
গতকাল মঙ্গলবার উপজেলার চর বাউশিয়া মধ্যম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ স্কুল ভবনের চারপাশে খোলা জায়গা না থাকায় শিক্ষার্থীরা টিফিনের সময়ও শ্রেণি কক্ষেই অবস্থান করছে। কোথাও কোথাও বিদ্যালয়ের সামনের সরু রাস্তা কিংবা বারান্দাকেই ব্যবহার করা হচ্ছে সমাবেশের জন্য। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য কমে যাচ্ছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।
কয়েকজন শিক্ষার্থী বলেন, মাঠ না থাকায় তারা বিদ্যালয়ে কোনো ধরনের খেলাধুলা করতে পারে না। টিফিনের সময়ও শ্রেণিকক্ষ বা বারান্দায় বসে সময় কাটাতে হয়। এতে বিদ্যালয়ে এসে আনন্দ কমে গেছে। তারা বিদ্যালয়ে খেলার মাঠের ব্যবস্থা করার দাবি জানায়।
একাধিক অভিভাবক বলেন, ছোট শিশুদের সারাদিন ক্লাসরুমে আটকে থাকতে হয়। খেলাধুলার সুযোগ না থাকায় তারা মোবাইল ফোন ও টেলিভিশনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। বিদ্যালয়ে একটি ছোট মাঠ থাকলেও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখত।
চর বাউশিয়া মধ্যম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নাহার জানান, প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাঠ না থাকায় শিশুদের শারীরিক ব্যায়াম, দলগত খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ছে।
শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য খেলাধুলা বিলাসিতা নয়, বরং শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে খেলার মাঠের ব্যবস্থা করা জরুরি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গজারিয়ায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮৭টি। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ১১ হাজার ১১ জন। এর মধ্যে বালক শিক্ষার্থী ৫ হাজার ৩৪৯ জন এবং বালিকা শিক্ষার্থী ৫ হাজার ৬৬৯ জন। তবে এর মধ্যে অন্তত ৪০টি বিদ্যালয়ে নিজস্ব কোনো খেলার মাঠ নেই। অধিকাংশ বিদ্যালয় ঘনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত হওয়ায় মাঠের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণের সুযোগও সীমিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন জানান, নতুন ভবন নির্মাণ ও বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে খেলার মাঠের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব বিদ্যালয়ে জায়গা সংকট রয়েছে, সেখানে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা চলছে।####
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত