রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শহরের কাজী কমরুদ্দীন গর্ভমেন্ট ইনস্টিটিউশন প্রাঙ্গনে স্মরণসভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, আবদুল হাকিম বিক্রমপুরীর ভ্রাতষ্পুত্র প্রাক্তন সিএসপি নুরুল ইসলাম অনুর স্মৃতি সংরক্ষনে প্রতিষ্ঠিত অনু মেমোরিয়াল ফাউন্ডেশন ও তার প্রতিষ্ঠিত কাজী কমরুদ্দীন গর্ভমেন্ট ইনষ্টিটিউশন যৌথভাবে এ আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুর জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে কাজী কমরুদ্দীন গর্ভমেন্ট ইনষ্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান ভূটানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি এনামুল ইসলাম বাবুল, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাহফুজুর রশীদ, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এসএম নাসিরউদ্দিন এলান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম প্রমুখ। অনুষ্ঠানে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত: আব্দুল হাকিম বিক্রমপুরী বাংলা ১৩০০ সালের অগ্রহায়ণ মাসে মুন্সীগঞ্জ শহরের কোর্র্টগাঁও এলাকায় জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম কাজী ইব্রাহিম হোসেন ছিলেন একজন বিত্তশালী, দয়ালু, শিক্ষানুরাগী ও প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮৭ সালের ৪ জুলাই বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আব্দুল হাকিম বিক্রমপুরী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৩৬ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বৎসর অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পূর্ব পাকিস্থান আইনসভা পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য এবং তৎকালীন পূর্ব পকিস্তানের গর্ভণর আজম খানের উপদেষ্টা ছিলেন। তিনি মুন্সীগঞ্জে বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পাঠাগার প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি তৎকালীন সওগাত, মানসী, মোহাম্মদী, প্রবাসী, সাম্যবাদী ও সোলতান প্রভৃতি পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গ্রামের কথা নামে মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকা তিনি সম্পাদনা করতেন। চীনে ইসলাম, সাহিত্য কথা, পানের বরজ, সরকারি হরগঙ্গা কলেজের ইতিহাস ও প্রসঙ্গ কথা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।#