মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে স্থানীয় এক যুবদল নেতার নাম থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে থাকা ৩ নম্বর অভিযুক্ত রাজু আহমেদ (৪৫) শ্রীনগর উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য নিশ্চিত হওয়া গেছে। অন্য অভিযুক্তরা হলেন, ডিএম মোল্লা (৫০) ও বাদল (৪৫)।
বুধবার দুপুরে শ্রীনগর থানাধীন ডাকবাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভুক্তভোগী জাহানারা বেগম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জেলা পরিষদে আপত্তি দেয়ার পর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। বুধবার দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম ও তার স্বামী আব্দুল বারেক বাবুল ডাকবাংলা মোড়ে পৌঁছালে তাদের পথরোধ করা হয়।
এ সময় আব্দুল বারেক বাবুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয় এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকার শুনে স্থানীয় আলমগীর মোল্লা আসলাম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, তার হাতে থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেয়া হয়।
পরবর্তীতে আরও ৮০ থেকে ৯০ জনকে নিয়ে আলমগীর মোল্লা আসলামের অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং ড্রয়ারে থাকা দেড় লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলেও দাবি করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়।
অভিযোগ বিষয় যুবদল নেতা রাজু আহমেদ বলেন, বাবুল ভাই আমাদের বড় ভাই। তার সাথে আমার এমন কোন ঘটনা ঘটেনি। আর আসলাম মোল্লার অফিস সে ভাংচুর করে আমার উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। ওনি আওয়ামী লীগের নেতা, মিথ্যা তথ্য দিচ্ছে।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মামুনুর রশীদ মামুন বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি।
এ ঘটনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।