প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
লৌহজংয়ে হামলা ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে হামলা করে উল্টো মিথ্যা তথ্য দিয়ে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। এমনকি আদালতের ওয়ারেন্ট জারির পরও অভিযুক্তদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলেছেন অভিযোগকারী মো. জিহাদ মজুমদার। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রের বাড়ি বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
বক্তব্যে জিহাদ মজুমদার অভিযোগ করেন, গত ৪ মে সন্ধ্যায় মোস্তফা কামাল মুকুট, মোবারক শেখসহ তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। হামলায় তার বাম হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি। ঘটনার পর অভিযুক্তরা তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, পশ্চিম শিমুলিয়া দিঘিরপাড় মসজিদের নিজস্ব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে তিনি ইট, সিমেন্ট ও রডের ব্যবসা পরিচালনা করেন। নতুন মার্কেট নির্মাণের পর ভাড়া নিয়ে মিটার সংযোগ না পাওয়া পর্যন্ত মৌখিক চুক্তিতে মসজিদের বিদ্যুৎ ব্যবহার করলেও নিয়মিত বিল পরিশোধ করেছেন বলে দাবি তার। এ বিষয়কে কেন্দ্র করে মোস্তফা কামাল মুকুট, মসজিদ কমিটির ক্যাশিয়ার মোবারক শেখ, অসীম শেখ, বিল্টু শেখ, ইব্রাহিমসহ প্রায় ২০ জন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। জিহাদ মজুমদার আরও জানান, হলদিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে তিনি নিজেকে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এর ফলে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে তার ওপর হামলা ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে আসা হয়েছিল। আত্মরক্ষার জন্য তিনি হামলাকারীদের কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেন। পরে ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি তার। অথচ ঘটনাস্থল সিসি ক্যামেরার আওতায় থাকলেও সম্পূর্ণ ফুটেজ প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
জিহাদ মজুমদার বলেন, তার ওপর হামলার ঘটনায় তার মা সুফিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। সম্প্রতি মামলার ওয়ারেন্ট লৌহজং থানায় পৌঁছালেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী জিহাদ মজুমদার।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত