প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক ছিনতাই, আহত ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তদের হামলায় গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) এবং ট্রাকচালক মো. তৈয়ব (২১) আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর এলাকা থেকে ৫টি কোরবানির গরু বোঝাই করে ট্রাকটি ঢাকার দোহার উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ি হয়ে বেজগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে চালক ও গরুর মালিকদের মারধর করে ট্রাকসহ গরুগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাই হওয়া ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। আহতদের মধ্যে হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে এবং জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়ব ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।
ধারণা করা হচ্ছে, ট্রাকটি বেজগাঁও এলাকায় শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে প্রবেশের সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিকভাবে ঘটনার বিস্তারিত জানা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত