নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মাওলানা মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.সাহাবুদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাশহীদ মোহাম্মদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আলী আকবর শিকদার ও মাওলানা আবু ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মশালায় বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোমলমতি শিশুদের মাঝে নৈতিকতা, শিষ্টাচার ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার ও রোববার অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৭০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, কোরআন শিক্ষা এবং নৈতিক আচরণ বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।